হাদি হত্যা মামলা

জেরা করতে ভারত যাবে বাংলাদেশ দল

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য ভারত সরকারের অনুমতি (কনস্যুলার এক্সেস) মিললে ঢাকা থেকে তদন্তকারীদের একটি দল কলকাতা যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আটক ওই দুই ব্যক্তির সঙ্গে কথা বলতে দেশটির সরকারের কাছে ‘কনুস্যলার এক্সেস’ চেয়েছে।

হাদি গত বছর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে রিকশায় যাওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হন। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, তার ওপর হামলায় জড়িতরা ঘটনার পরপরই সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। আর হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভারতীয় পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে হাদি হত্যাকা-ের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে। এসটিএফ জানায়, তাদের গ্রেপ্তারের বিষয়ে পশ্চিমবঙ্গে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।