পাউবোর জায়গায় বোর্ড ক্লাবের নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী

রাজধানীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় দখল করে বোর্ড ক্লাবের পার্কিংয়ের স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৭ মার্চ) উত্তরায়া দিয়া বাড়িতে পাউবোর দখল হওয়া জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মন্ত্রী এ্যানি বলেন, বোট ক্লাবের যতখানি জায়গা রয়েছে ততখানি তারা ব্যবহার করবে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় তারা কোনো কাজ করবে না।

তিনি আরও বলেন, ঈদের পরে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে, পানি মন্ত্রণালয়ের জায়গা তারা (বোট ক্লাব) ব্যবহার করতে পারবে কি না। তবে আইনগতভাবে পাউবোর জায়গা ব্যবহারের কোনো এখতিয়ার তাদের নেই।

বর্তমানে কাজ বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, এখন যে ধরনের কাজ চলছে সেটি টোটালি বন্ধ থাকবে। ঈদের পর সারা দেশে দখলকৃত জায়গা উদ্ধারে সরকার মাঠে নামবে বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।