মুরাদনগরে মাদক কেনাবেচার সময় যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক কেনাবেচার সময় মো. শামীম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৬ মার্চ) বিকালে উপজেলা সদরের রমচন্দ্রপুর রোডের পশু হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মো. শামীম মুরাদনগর মধ্য পাড়ার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে মুরাদনগর উপজেলা সদরের রমচন্দ্রপুর রোডের পশু হাসপাতাল এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমিনের নেতৃত্বে এএসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. শামীম কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর মাদক কারবারি মুরাদনগর মধ্য পাড়ার মৃত লাভলু মিয়ার ছেলে মো. শরীফ (৩০) কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত মো. শামীম এর কাছে রক্ষিত ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
  
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।