ব্রাজিল ফুটবল দলের ভক্তদের জন্য বড় খবর নিয়ে এলেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দায়িত্ব নিলেও ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের ওপর দীর্ঘমেয়াদী আস্থা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে সেলেসাওরা।
সোমবার রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে ৬৬ বছর বয়সী আনচেলত্তি নিজেই এই খবর নিশ্চিত করেন। তিনি জানান, সিবিএফ এবং তার মধ্যে চুক্তি বৃদ্ধির বিষয়ে কোনো মতভেদ নেই। মজার ছলে তিনি বলেন, ‘যখন একটি যুগল একসঙ্গে পথ চলতে চায়, তখন সেখানে কোনো সমস্যা থাকে না। আগামী বিশ্বকাপের আগেই হোক বা পরে, এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।’
গত বছরের মে মাসে দরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ব্রাজিলের ডাগ-আউট সামলাচ্ছেন আনচেলত্তি। তার অধীনে ব্রাজিল এখন পর্যন্ত ১৪টি জয়, ১০টি ড্র এবং ৯টি হার দেখেছে। পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বরাবরই পূর্ণ চার বছরের একটি বিশ্বকাপ চক্র পেতে চেয়েছিলেন। সিবিএফও মনে করছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকে রাখা ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশনের জন্য সহায়ক হবে।
চুক্তি নবায়নের সময় নিয়ে রসিকতা করতেও ছাড়েননি তিনি। আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপের আগে চুক্তি নবায়ন করলে সিবিএফের জন্য সেটি সস্তা হবে। বিশ্বকাপের পর করলে হয়তো খরচ অনেক বেড়ে যাবে। তবে আমি খুবই আত্মবিশ্বাসী।’ এদিন সংবাদ সম্মেলনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডও ঘোষণা করেন আনচেলত্তি। তবে স্কোয়াডে জায়গা হয়নি ‘আনফিট’ নেইমারের।