রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ গোলের বিশাল ব্যবধান ঘুচিয়ে ফেরা কি আদৌ সম্ভব? ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলার কাছে এর উত্তরটি বেশ সহজ— খেলওয়াড়দের চাই বিশ্রাম আর পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ। তাই আজ রাতের চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় লেগের মহারণের আগে গতকাল সোমবার সিটির খেলোয়াড়দের পুরো একদিনের ছুটি দিয়েছেন তিনি।
গত সপ্তাহে মাদ্রিদে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে বিধ্বস্ত হওয়া এবং এরপর শনিবার রাতে লন্ডনে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ড্র করার ফলে সিটির খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। এই ব্যস্ত সূচির ধকল সামলাতেই গার্দিওলা এই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার কোনো অনুশীলন সেশন না রেখে গার্দিওলা বলেন, “খেলোয়াড়রা আজ (সোমবার) বাড়িতে পরিবারের সাথে আছে। আমি মনে করি তারা হোয়াটসঅ্যাপে একে অপরের সাথে যোগাযোগ করবে এবং আগামীকাল (মঙ্গলবার) আমাদের দেখা হবে।”
ম্যাচের আগের দিন অনুশীলন না করার বিষয়টিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না গার্দিওলা। তার মতে, আধুনিক ফুটবলে বড় দলগুলোর অনুশীলনের মাধ্যমে উন্নতির সুযোগ খুব কম থাকে কারণ সময় খুবই সংক্ষেপ। তিনি বলেন, “আজ আমরা যা নিয়ে অনুশীলন করতাম, কাল সকালেও তাই করব। হয়তো বড়জোর ১ শতাংশ পার্থক্য হতো।”
খেলোয়াড়দের এই ছুটির বিষয়ে অধিনায়ক বের্নার্দো সিলভা বলেন, “সপ্তাহজুড়ে প্রচুর ভ্রমণের পর কোচ মনে করেছেন আমাদের ভালো ঘুম এবং মানসিক প্রশান্তি দরকার। এতে আমরা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে পারব।”
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোকে ‘অসাধ্য সাধন’ হিসেবে অভিহিত করেছেন গার্দিওলা। কিলিয়ান এমবাপ্পে রিয়াল স্কোয়াডে ফেরায় সিটির কাজটা আরও কঠিন হয়ে গেছে। গার্দিওলার মতে, এই ম্যাচে জিততে হলে কেবল ভালো খেললেই হবে না, বরং রেফারি থেকে শুরু করে ঘরের মাঠের দর্শক—সবকিছুতেই ভাগ্য সহায় হতে হবে এবং একটি ‘নিখুঁত ম্যাচ’ উপহার দিতে হবে।
গার্দিওলা ইতিমধ্যে তার শুরুর একাদশ নির্ধারণ করে ফেলেছেন বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার ম্যাচের কয়েক ঘণ্টা আগে খেলোয়াড়রা হালকা এক সেশনে অংশ নিয়ে সরাসরি মাঠে নামবেন। ইতিহাদ স্টেডিয়ামে কি গার্দিওলার এই ‘বিশ্রাম নীতি’ জাদুর মতো কাজ করবে? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়।