মুন্সীগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি আম গাছ থেকে নিলুফা (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নিলুফা জামালপুর জেলার মেলান্দহ থানার লিটন মিয়ার মেয়ে। তারা দানিয়াপাড়া মারকাজ মসজিদ সংলগ্ন শাহ আলম হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাবা পেশায় দিনমজুর।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিলুফাকে ঘরে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণ— তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।