হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
আবেদনে উল্লেখ করা হয়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এলাকায় কোনো পাকা রাস্তা নির্মাণ বা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, অতীতে উপজেলা নিরাপত্তা দেওয়াল নির্মাণের কারণে পুরনো চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছন দিক দিয়ে “ঢাকা-সিলেট মহাসড়ক থেকে স্কয়ার হাসপাতাল পর্যন্ত” একটি বিকল্প রাস্তা চালু করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সেই রাস্তাটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, নতুন ভবন নির্মাণের কাজে নিয়োজিত কিছু ব্যক্তি রাস্তার উপর ইট, বালু ও নির্মাণ সামগ্রী ফেলে রাখায় চলাচলে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এমনকি জরুরি রোগী হাসপাতালে নিতে গিয়েও বাধার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাটির বাসিন্দাদের মধ্যে ডায়ালাইসিস ও হৃদরোগে আক্রান্ত রোগী থাকায় দ্রুত যাতায়াতের জন্য রাস্তা সংস্কার অত্যন্ত জরুরি বলে দাবি করেন তারা। বিশেষ করে কৃষ্ণনগর, গুমুটিয়া, শিবপুর, পূর্ব ও পশ্চিম মাধবপুর এলাকার বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করেন।
এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সরেজমিন তদন্ত করে রাস্তাটি সংস্কারের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মাধবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম ছুটিতে থাকায় ইউএনও'র দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানিয়েছেন, ' ঈদের পর এ বিষয়ে আপডেট জানতে পারবেন।'