ইরানের শক্তিশালী আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে এক বিশেষ অভিযানে তিনি নিহত হন।
ইসরায়েলি বাহিনীর দাবি, সোলাইমানির এই মৃত্যু ইরানের সামগ্রিক সামরিক কাঠামো তথা ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল’ ব্যবস্থার জন্য একটি ‘বড় ধরনের ধাক্কা’। একই সঙ্গে ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত’ রাখার অঙ্গীকারও করেছে তেল আবিব।
তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর আগে এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন।
বিশ্লেষকদের মতে, সোলাইমানিকে হত্যার ফলে বাসিজ বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়বে। দেশটির বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য অভ্যন্তরীণ বিদ্রোহ বা বিক্ষোভ দমন করতে এই বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত এই কারণেই ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলোকে শুরু থেকেই নিজেদের লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র: আল জাজিরা ও এপি