হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে

স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজা খাটতে থাকা এক আসামি প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার নলবুনিয়া গ্রামে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চার ঘণ্টার প্যারোল শেষে আবারও তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান আকনের ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮) প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছেন। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়।

বার্ধক্যজনিত কারণে সোমবার বিকেলে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে।

কারাগার সূত্রে জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেওয়া হয়। হাতকড়া পরিহিত অবস্থায় তিনি বাবার জানাজায় অংশ নেন। নামাজ শেষে তাকে আবার কারাগারে ফেরত নিয়ে যাওয়া হয়।

উজ্জ্বল দ্বিতীয়বার বিয়ে করার পর সেই সংসারে তার আড়াই বছর বয়সি দুইটি সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।