প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে ফার্মার্স কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরীক্ষামূলকভাবে দেশের ১১টি উপজেলায় ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন। সারাদেশে ১১টি উপজেলায় একযোগে এই কার্ড কৃষকদের সহায়তার জন্য তাদের হাতে তুলে দেওয়া হবে। যে ১১ উপজেলায় দেওয়া হবে ফার্মার্স কার্ড- টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, ভোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, মৌলভীবাজারের জুড়ী।
ফার্মার্স কার্ড বিষয়ক এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।