ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এইচ এম খালিদ হাসান।
মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে বেলা ১১:৫০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ২:৫০ মিনিটে শেষ হয়। পরে গণনা শেষে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদূর রহমান, ডুজার বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
খালিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র।
নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে স্বশরীরে ৩১ জন এবং পোস্টাল ব্যলটে ১০ জন ভোট প্রদান করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মাহাথির মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মোঃ সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।