মোজতবা খামেনি সুস্থ আছেন, শিগগিরই ভাষণ দেবেন

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাশিয়ায় চিকিৎসা নেওয়ার সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন এবং শিগগিরই তিনি ভাষণ দেবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সি নেতা মোজতবা খামেনি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এ ছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে চিকিৎসার জন্য তাকে মস্কোতে স্থানান্তরিত করা হয়েছে বলেও গুঞ্জন ছড়ায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই খামেনির বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং খুব শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, তিনি (মোজতবা খামেনি) ভালো আছেন। আপনারা ইতোমধ্যে তার ভাষণের কথা শুনেছেন। আমি আশা করছি, খুব শিগগিরই তিনি জনসাধারণের উদ্দেশে আরেকটি ভাষণ দেবেন।

এ সময় তিনি মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ বলে উল্লেখ করেন। বাঘাই বলেন, ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং বর্তমানে তাই করছি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইরানি নেতা নিহত হন। ১৮ দিন ধরে চলমান এই যুদ্ধে প্রায় দেড় হাজার ইরানি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।