টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়টি নিয়ে এবার নড়েচড়ে বসেছে নতুন সরকার। কেন বাংলাদেশ আইসিসির এই মেগা ইভেন্টে খেলতে গেল না এবং এর পেছনে ‘ক্রীড়া কূটনীতির’ কী ধরনের ব্যর্থতা ছিল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ মঙ্গলবার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার ঘটনার সূত্রপাত হয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানান এবং নিরাপত্তার অজুহাতে ভারতে দল না পাঠানোর ইঙ্গিত দেন। পরবর্তীতে বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে রাজি হয়নি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্টভাবে জানিয়েছেন যে, ঈদের ছুটির পর এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে, 'আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেওয়া হবে। আমি একটি তদন্ত কমিটি গঠন করব এবং জড়িতদের কাছ থেকে প্রতিবেদন আকারে ব্যাখ্যা চাইব।'
সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সাথে দেখা করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে, রমজান ও ঈদের পর এই পুরো বিষয়টি নিয়ে সরকার কঠোর অবস্থানে যাবে।