মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি সরকারি চিঠি পাঠিয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু তাঁর চিঠিতে এ মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার ও জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে নিহত ব্যক্তিদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
প্রেসিডেন্ট মুইজ্জু তাঁর বার্তায় বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের প্রতি মালদ্বীপবাসীর আন্তরিক সহমর্মিতা রয়েছে। তিনি অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
চিঠিতে মালদ্বীপের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের যে ক্ষতি ও দুঃখ হয়েছে, তাতে মালদ্বীপ সরকারও সমানভাবে ব্যথিত।
একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি নিবিড়ভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।