নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহকবলিত বর্নো রাজ্যে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছে। গত সোমবার রাতে রাজ্যটির পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বর্নোর রাজধানী মাইদুগুরিতে এসব হামলার ঘটনা ঘটেছে। বর্নো গত ১৭ বছর ধরে নাইজেরিয়ার ইসলামপন্থি বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে। আর তাতে কয়েক হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দুই নিরাপত্তা কর্মকর্তা ও মাইদুগুরির তিন বাসিন্দা রয়টার্সকে জানান শহরের কেন্দ্রস্থলে এক পোস্ট অফিসে প্রথম বিস্ফোরণটি ঘটে, এর পরপরই নিকটবর্তী বাজারে আরেকটি বিস্ফোরণ ঘটে। এরপর সন্ধ্যার আগে মাইদুগুরি টিচিং হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আরেকটি এবং পূর্বাংশের কেলেরি এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। বিবৃতিতে রাজ্য পুলিশ বলেছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আত্মঘাতী বোমারুরা ঘটনাগুলো ঘটিয়েছে। তবে এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকারও করেনি।
পুলিশ জানিয়েছে, জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনা হয়েছে আর আরও আক্রমণ ঠেকাতে শহর জুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে। হামলাগুলোর বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, হামলাগুলোতে ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের আক্রমণের ছাপ রয়েছে।