আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর সঙ্গে যুক্ত হয়ে রুপালি পর্দায় নতুন এক যাত্রা শুরু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। তারা সিনেমাটির সিনেমাটির টাইটেল স্পন্সর করছে। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। চলচ্চিত্রটির পরিচালক তানিম নূরের সঙ্গে ইউসিবির এই উদ্যোগটি ঢালিউডে ব্যাংকটির প্রথম বড় অংশীদারত্ব, যার মাধ্যমে তরুণ ও পরিবারভিত্তিক দর্শকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতেই এই উদ্যোগ। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ২০২৫ সালের জনপ্রিয় সিনেমা ‘উৎসব’র নির্মাতাদের নতুন কাজ। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শরিফুল ইসলাম রাজসহ আরও অনেক পরিচিত মুখ।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমরা চাই নতুন প্রজন্মের সঙ্গে আরও সহজভাবে যুক্ত হতে। ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো একটি পারিবারিক গল্পের সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারত্ব আমাদের মূল্যবোধ সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাকে তুলে ধরে।’
পরিচালক তানিম নূর বলেন, ‘এই সিনেমাটি মূলত মানুষের গল্প সম্পর্ক, স্মৃতি আর মানবিকতার গল্প। ইউসিবির মতো একটি প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে করে ভালো গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।’
দর্শকদের জন্য সুখবরও আছে। ইউসিবি তাদের গ্রাহকদের জন্য সিনেমা দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে বিশেষ সুবিধা আনছে। এর মধ্যে রয়েছে সিনেপ্লেক্সে টিকিট কেনার ক্ষেত্রে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইউসিবির অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হবে।