নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একই গ্রামের পৃথক স্থান থেকে শেখ শরিফ (২৭) ও মুসান্না গালিব মিম (২৮) নামে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭মার্চ) রাতে ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া এলাকার তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে শেখ শরিফ ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে ও মুসান্না মিম গালিব একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিম তার বাগপাড়া বাড়িতে একা থাকতেন। তিনি ফ্রিলান্সিং করতেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ পওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এর কিছুক্ষণ পরে একই গ্রামের শরিফের বাড়ির লোকজন তার কোন সাড়া না পেয়ে কক্ষের মধ্যে তাকে ঝুলন্ত মৃত অবস্থায় পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জনায় শরিফ লেখাপড়া শেষ করে বাড়িতেই থাকতেন। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, ধারণা করা হচ্ছে মুসান্না মিম গালিবের মৃত্যু আরও চার পাঁচ দিন আগে হয়েছে। তার লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। আর শেখ শরিফের আজ মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।