পৌনে এক কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক !

বগুড়ায় প্রায় ১ হাজার ২০০ পরিবারের প্রায় পৌনে এক কোটি টাকা নিয়ে উধাও ‘ফোর স্টার’ নামের এক সমবায় সমিতির তিন পরিচালক। মঙ্গলবার (১৭মার্চ) দুপুরে সমিতির পরিচালকরা আত্মগোপনে থাকার কথা জানতে পারেন সদস্যরা। এ ঘটনার এলাকার মানুষেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মালগ্রাম নতুন পাড়া এলাকায় আব্দুল হাকিম, আকরাম ও শাহিন নামে তিন ব্যক্তি ফোর স্টার বিজনেস সমবায় সমিতি গঠন করেন। এর মধ্যে আব্দুল হাকিম জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি পদে রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে ভুক্তভোগিদের একজন দিন মজুর রহিম উদ্দিন, বাড়ি বগুড়া শহরের মালগ্রাম চাপড় পাড়ায়। প্রতি সপ্তাহে ১০০ টাকা করে জমাচ্ছিলেন স্থানীয় ‘ফোর স্টার’ নামের মাংস সমিতিতে। যাতে ঈদের সময় গরুর গোস্ত কিনতে বেগ পেতে না হয়। কিন্তু কপালের ফের, মঙ্গলবার দুপুরে গোস্ত নিতে গিয়ে দেখলেন সমিতির পরিচালকরা পালিয়েছেন। তাদের খোজ মিলছে না। এমনিভাবে অল্প অল্প করে জমিয়েছিলেন বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার বাসিন্দারা। তাদের আশা ছিল ঈদের আগে জমানো টাকার মাংস নিয়ে ঈদে কেনাকাটার চাপ কমাবেন। কিন্তু সেই চাপ এখন পাহাড় সম রূপ নিয়েছে।

মালগ্রামের কয়েকটি পাড়া মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ পরিবার এই সমিতির সদস্য ছিল। প্রতিটি কার্ডের সঞ্চয় লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার টাকা এবং সদস্যদের দাবি অনুযায়ী, এবার সব মিলিয়ে প্রায় ৭৭ লাখ টাকা জমা হয়েছিল। গত রবিবার মাংস দেওয়ার কথা থাকলেও তারা দিতে পারেনি এবং আজ মঙ্গলবার মাংস দেওয়ার চূড়ান্ত দিন নির্ধারণ করে পরিচালকরা লাপাত্তা হন। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আর্তনাদ দেখা দিয়েছে। একটি কীটনাশক কারখানার কর্মী বাবলী আক্তার বলেন, নিজের টাকার পাশাপাশি কারখানার আরও ৪৪ জনের টাকা আমার মাধ্যমে এই সমিতিতে জমা রেখেছিলাম। এখন আমি ফেসে গেছি। আমার স্বামী অটো চালায়, আমি নিজে কাজ না করলে সংসার চলে না। এত টাকা এখন আমি কিভাবে শোধ করব?

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর বলেন, মালগ্রাম এলাকায় একটি সমিতি মাংস দেওয়ার নামে প্রতি সপ্তাহে টাকা তুলত। আজ তাদের বিতরণের দিন ছিল, কিন্তু তারা টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তিনি আরও জানান, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এখন মাংস সমিতির পরিচালকরা আত্মগোপনে যাওয়ায় মাথায় হাত পড়েছে সমিতির সদস্যদের। এলাকাবাসীর দাবি, অতিদ্রুত ফোর স্টার সমিতির পরিচালকদের আটক করে সদস্যদের দাবি পুরণ করা হোক।