লালমনিরহাট থেকে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মায়ের সঙ্গে ঈদ করতে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরিফুল ইসলাম (৩৫)। কিন্তু বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় জীবিত অবস্থায় আর ফেরা ফেলা হলো না তাদের। দুর্ঘটনায় নিহত হয়েছেন শরিফুল, তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩০) ও পাঁচ মাস বয়সী মেয়ে হুজাইফা। বড় ছেলে সোহানের অবস্থাও আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে হিলির যে বাড়িতে ঈদের আনন্দ লেগে থাকার কথা, সেই বাড়িতে চলছে মাতম।
এদিকে, গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে মীম খানম (১০) নামে আরও এক শিশু।
বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বহনকারী গাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।
দিনাজপুরের হাকিমপুর প্রতিনিধি জানান, নিহত শরিফুল ইসলাম পাটগ্রামে পদক্ষেপ নামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য সকালে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে করে রওনা দেন। পথে উপজেলার মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী সুমাইয়া আকতার নিহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা শরিফুল ও মেয়ে হুজাইফা, বড় ছেলে সোহানকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ও তার মেয়ে হুজাইফাকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ছেলে সোহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হিলির আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান বলেন, এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া পড়ে গেছে। আমরা আসলে মর্মাহত। এরকম একটা ঘটনা ঘটার পর সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি। শরিফুলের মা, তার পরিবার, এলাকাবাসী সবাই শোকাহত। এ বিষয়ে মরদেহ নেওয়ার জন্য তার আত্মীয়স্বজন ইতিমধ্যেই রংপুর চলে গেছে। ওখান থেকে মরদেহ আসার পর আইনগত প্রক্রিয়া শেষে দাফন সম্পন্ন করা হবে।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু : গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মীম খানম নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিমা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। আহত মীম একই এলাকার ইউসুফ শেখের মেয়ে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানান, একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তা পারাপাররত দুই শিশুকে মোটরসাইকেলটি আঘাত করে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মীমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অল্পের জন্য বাঁচলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি : বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বহনকারী গাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের ভাড়ায়চালিত মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইন অমান্য করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি এমপির গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় সংসদ সদস্য সামান্য আহত হলেও তার গাড়ির চালকসহ আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলার অভাব ও বেপরোয়া যান চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, অনিরাপদ সড়ক ও বেপরোয়া যান চলাচলের ফলে এমনটা হয়েছে। তিনি গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানান এবং এমপির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
টাঙ্গাইলে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ : টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলী ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক মারা যান। পরে আহত দুজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।
মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামের এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ট্রাকচালক মো. জনিকে (৪০) উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দুপুর ১টার দিকে এক্সপ্রেসওয়েতে মাওয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখো সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। নিহত ওই যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। ট্রাকটি আটক করা হয়েছে।