পরিচ্ছন্নতাকর্মীদের অন্যরকম ঈদ

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় আট হাজার পরিচ্ছন্নতাকর্মীসহ অন্য সিটিতেও গতকাল মঙ্গলবার উপহার বিতরণ করেন সংশ্লিষ্ট প্রশাসকরা।

এর আগে গত রবিবার সচিবালয়ে প্রশাসকদের হাতে পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে জনপ্রতি ৫ হাজার টাকা পেয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এ টাকা প্রতিটি পরিবারে ঈদের বাড়তি আনন্দ যোগ করেছে।

পরিচ্ছন্নতাকর্মীদের ভাষ্য, অবহেলিত এ পেশার মানুষদের খবর তেমন কেউ রাখে না। খোদ প্রধানমন্ত্রী তাদের উপহার দেওয়ায় ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। এর আগে কোনো সরকারপ্রধান তাদের এভাবে সম্মান করেননি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ব্যারিস্টার ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর নিয়মিত বোনাস বন্ধ করে দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার সেই বোনাস চালু করেছে এবং বর্তমান সরকার বোনাসের টাকা বাড়িয়েছে। এর ওপর প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকা তাদের ঈদে বাড়তি খুশি যোগ করেছে।

ডিএসসিসি স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী যে আমাদের কথা মনে রেখেছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি। এই টাকা আমাদের কাছে কোটি টাকার সমান।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জামাল বলেন, ‘ঈদের আগে বাড়তি ১০০ টাকা পেলেই পরিচ্ছন্নতাকর্মীরা খুশি হয়ে যায়। সেখানে খোদ প্রধানমন্ত্রী আমাদের ৫ হাজার করে টাকা উপহার দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

গতকাল পৃথক দুটি অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছেন ঢাকার দুই প্রশাসক। ডিএসসিসি নগর ভবনে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিএসসিসির ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর অনুকূলে জনপ্রতি ৫ হাজার টাকা করে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উপহার দেওয়া।”

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীর কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। এ সময় তিনি বলেন, এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এ বোনাস প্রদান করা হলো। নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস প্রদান করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আমি আপনাদের সহযোগী, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা একসঙ্গে এ শহর পরিচ্ছন্ন রাখতে কাজ করব।’

ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সরকার আপনাদের প্রতি আন্তরিক। আপনারাও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’