রাজধানীর উত্তরা স্কয়ার শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মো. মনির আলম, মো. মজিবর রহমান, মো. হৃদয়, মো. মঞ্জুরুল, মো. মহব্বত আলী, শাহ পরান, মো. শাকিল, মো. রশিদুল ইসলাম ওরফে রশিদ, মো. সাজু (২৪), মো. লিটন ও জিহাদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, উত্তরা সোনারগাঁও জনপথ রোডে উত্তরা স্কয়ার শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এক রিকশাচালকের সঙ্গে দায়িত্বরত নিরাপত্তারক্ষীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই রিকশাচালক ও তার সঙ্গে থাকা আরও ১৫/২০ জন অজ্ঞাতনামা রিকশাচালক মিলে নিরাপত্তারক্ষী ও শপিং কমপ্লেক্সের লোকজনের ওপর চড়াও হয়ে মারধর ও গুরুতর জখম করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে প্রায় ৬/৭শ উত্তেজিত লোক লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে শপিং কমপ্লেক্সে হামলা চালায়। তারা কমপ্লেক্সের নিচতলা ও দোতলার গ্লাস ভাঙচুর করে। এ সময় আসামিরা শপিং কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ‘খাজানা ভ্যারাইটিজ স্টোর’ থেকে ১০ লাখ টাকার মালামাল এবং ‘কে জেড ইমিটেশন জুয়েলারি’ দোকান থেকে ৫ লাখ টাকার গয়না লুট করে নিয়ে যায়। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই (উপপরিদর্শক) মো. সুমন মিয়া আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।