উদ্ধারের ২০ দিন পর নবজাতককে এক নারীর জিম্মায় দিল পুলিশ

চট্টগ্রামে উদ্ধারের ২০ দিন পর অবশেষে সেই নবজাতককে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে এক নারীর জিম্মায় দিয়েছে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ দেশ রূপান্তরকে জানান, গত ২৫ ফেব্রুয়ারি নগরের ব্রিজঘাট এলাকার ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একদিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে গামছা ও তোয়ালে জড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দুর্বল থাকায় কোতোয়ালি থানা-পুলিশের তত্ত্বাবধানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি জানান, ২০ দিনের চিকিৎসা শেষে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আদালতের নির্দেশনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে হাটহাজারী উপজেলার চিকনণ্ডী ইউনিয়নের বাদামতল এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়েছে।