জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন (৬১) মারা গেছেন। গতকাল বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শামস সুমন একসময় মঞ্চ, ছোট ও বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো মন জানে না মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।