চট্টগ্রামে গভীর রাত পর্যন্ত জমজমাট বেচাকেনা

চট্টগ্রামের মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদ বাজার। চট্টগ্রাম নগরী কিংবা নগরীর বাইরে বিপণি কেন্দ্রগুলোতে ধুম পড়েছে কেনাকাটার। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের পদচারণায় মুখর বিভিন্ন মার্কেট। গরম উপেক্ষা করে দিনে-রাতে এখন সমানে ভিড় জমছে মার্কেটগুলোতে। ব্যবসায়ীরা বলছেন, রোজার শেষ দিকে এসে পাল্টে গেছে দৃশ্যপট। রোজার শুরুর দিকে কিছুটা মন্দাভাব থাকলেও এখন জম্পেশ বেচাকেনা চলছে সব জায়গায়।

গত সোমবার রাত তখন পৌনে ২টা। নগরীর প্রবর্তক মোড় থেকে আফমি প্লাজা পর্যন্ত পুরো রাস্তা জুড়ে যানজট। মিমি সুপার মার্কেটের সামনে গিয়ে দেখা গেল শপিং ব্যাগ হাতে লোকজন দলে দলে বের হচ্ছেন মার্কেট থেকে। ঈদের এই কেনাকাটাকে ঘিরেই গভীর রাত পর্যন্ত গাড়ির জট লাগছে মার্কেটের আশপাশের সড়কগুলোতে। গত দুদিন নগরীর একাধিক বিপণি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সবখানেই ব্যস্ততা। পরিবার-পরিজন নিয়ে পছন্দের পোশাক ও অন্যান্য জিনিসপত্র কেনায় ব্যস্ত সবাই। আর ক্রেতাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন দোকানের সেলসম্যানরা। ছেলেরা কিনছেন পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি-শার্ট ও প্যান্ট আর মেয়েরা কিনছেন থ্রি-পিস, শাড়ি ইত্যাদি। আর জামা-কাপড়ের সঙ্গে মিলিয়ে কেনা হচ্ছে জুতা, গহনা ও প্রসাধনী সামগ্রী। বেশিরভাগ ক্রেতাই ছুটে যাচ্ছেন তাদের পছন্দের মার্কেটে। আবার অনেকেই ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। বয়স্কদের সঙ্গে নিজেদের জিনিস পছন্দ করছে শিশুকিশোররাও। আর এই ঈদ বাজারে বেশি আনন্দ আর উৎসাহ এই শিশুকিশোরদের মধ্যেই।

গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর সানমার ওশ্যান সিটিতে ঈদের কাপড় কিনতে যান একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আকতার হোসেন। সঙ্গে স্ত্রী ও ১২ বছরের  ছেলে। দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদে নতুন পোশাক এটা আমাদের সংস্কৃতিরই অংশ হয়ে আছে। পরিবারের সদস্যদের নতুন কাপড় না দিলে ঈদের আনন্দটা ফ্যাকাশে হয়ে যায়। তাই অফিস থেকে ছুটি নিয়েই মার্কেটে ছুটে আসা।

নগরীর আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত পাঞ্জাবির শোরুম এস এস ফ্যাশনের স্বত্বাধিকারী এস এম শফিকুর রহমান জানান, দিনের চেয়ে সন্ধ্যার পর ক্রেতারা বেশি আসছেন। তিনি জানান, ঈদে সব শ্রেণির মানুষের কাছে পাঞ্জাবির বিশেষ কদর রয়েছে।  ১৫ রমজানের পর থেকে পাঞ্জাবির বেচাকেনা বাড়তে শুরু করেছে। যতই দিন যাচ্ছে ততই বেচাকেনা বাড়ছে বলে জানান তিনি।

বিশাল আয়তনের বিপণি কেন্দ্র নগরীর ষোলশহরে অবস্থিত চিটাগাং শপিং কমপ্লেক্স। মার্কেটের নিচতলার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে এক ডজনের বেশি জুতার শোরুম। সোমবার বিকেলে প্রতিটি দোকানেই দেখা গেছে ক্রেতাদের ভিড়। মার্কেটের মুখে টাটা বাজারের বিক্রয়কর্মী শাহজাহান জানান, ঈদে সবাই চায় নতুন জুতা। ক্রেতাদের চাহিদার বিষয় মাথায় রেখে আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের জুতা তোলা হয়েছে শোরুমে। রমজানের শুরুতে দিনের বেলা ক্রেতা কম ছিল জানিয়ে তিনি বলেন, গত দুই-তিন দিন ধরে ক্রেতাদের আগমন বেড়েছে। সে সঙ্গে বেড়েছে বেচাকেনা।

নগরীর ঐতিহ্যবাহী বিপণি কেন্দ্র রিয়াজ উদ্দিন বাজার ও নিউ মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার ভীষণ ব্যস্ততা।