আসন্ন ঈদুল ফিতর কেন্দ্র করে ঘরমুখী মানুষের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে র্যাব। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি দল মোতায়েনের পাশাপাশি সিভিল দল, টহল ও চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র্যাবের ৩২টি দলে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে র্যাব। পাশাপাশি সঠিক তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির জন্য ছয়টি সাদা পোশাকে দল কাজ করবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। অপরাধ দমনে নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট প্যাট্রোলিং’ ও ‘ফুট প্যাট্রোলিং’ পরিচালনা করা হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হবে।
তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এসব কন্ট্রোল রুমে র্যাব সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রী যাতায়াতের সময় হয়রানির শিকার হলে বা টিকিটের জন্য অতিরিক্ত ভাড়া দাবি করা হলে তারা সরাসরি কন্ট্রোল রুমে এসে বা ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঈদে পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় যেতে পারেন। এতে রাজধানীর অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সুযোগে চুরি, ছিনতাই বা ডাকাতির মতো অপরাধ বেড়ে যেতে পারে। বিষয়টি মাথায় রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে নিরাপত্তা টহল আরও জোরদার থাকবে।