আফগানিস্তানের ওপর পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আফগান ক্রিকেট তারকা এ এম গজনফর। বিশেষ করে ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে এই সংকটে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। ২,০০০ শয্যার এই বিশাল হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। যদিও পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়ে গজনফর বলেন, "ওখানকার সাধারণ মানুষের চিকিৎসার টাকা নেই। এখন তারা সেই জায়গাটিকেও লক্ষ্যবস্তু বানালো এবং নিরীহ মানুষদের শহীদ করল। আফগানিস্তানের মানুষ এটি কোনোভাবেই মেনে নেবে না। আমি জানি না তারা কী প্রমাণ করতে চাইছে। সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা আমরা মেনে নিতে পারি না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা পাকিস্তানের জন্য খুব খারাপ হবে।"
আইপিএলের আগামী আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত এই তরুণ তুর্কি ভারতের সাথে আফগানিস্তানের গভীর বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, "ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যেন ভবিষ্যতে এমন কিছু আর না ঘটে। বিশ্বের অন্যান্য দেশের কাছেও আমাদের একই অনুরোধ। এই সংঘাত কারো জন্যই ভালো খবর বয়ে আনবে না।"
বর্তমানে বিশ্বজুড়ে নানা অস্থিরতার মাঝে এ ধরনের সামরিক হামলা সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলছে বলে মন্তব্য করেন এই আফগান ক্রিকেটার।