কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিব হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সকালে এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। এ বিষয়ে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। এ সময় কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করেন। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। এ সময় উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ ধরে শাহবাগ থানায় সোপর্দ করে।
পুলিশ জানায়, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হামলায় সাত থেকে আটজন অংশ নিয়েছিলেন। একটি নির্দিষ্ট এলাকা থেকে হামলাকারীদের ভাড়া করে ঢাকায় আনা হয়েছিল।
রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।