স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ার পর বিকল্প সূচি ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৩১ মার্চ ঘরের মাঠে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। ২০২৬ বিশ্বকাপের আগে এটিই হতে যাচ্ছে নিজ দেশের সমর্থকদের সামনে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ।
ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার মধ্যকার এই মহারণটি আগামী ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে দোহায় নির্ধারিত ফিনালিসিমাসহ বেশ কয়েকটি বড় ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা।
এএফএ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘আবারো দেখা হচ্ছে আর্জেন্টিনায়! ফিনালিসিমা বাতিল হওয়ার পর লিওনেল স্কালোনির দল এক সপ্তাহের নিবিড় প্রশিক্ষণের জন্য দেশে ফিরবে। আগামী মঙ্গলবার, ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।’
জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এই ম্যাচটি আর্জেন্টিনার দর্শকদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এএফএ জানিয়েছে, খুব দ্রুতই এই ম্যাচের জন্য স্কোয়াড এবং কোন স্টেডিয়ামে খেলাটি হবে—তা জানিয়ে দেওয়া হবে। ফিনালিসিমা বাতিল হওয়ায় ফুটবল ভক্তরা কিছুটা হতাশ হলেও, ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের প্রিয় তারকাদের দেখার সুযোগ তৈরি হওয়ায় নতুন করে উন্মাদনা শুরু হয়েছে আর্জেন্টিনায়।