সংসদে মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম কীভাবে চলবে, নির্ধারণ করল সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি কীভাবে সম্পাদিত হবে, তা নির্ধারণ করে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করে দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং তাদের বিকল্প হিসেবে যাদের দায়িত্ব দেয়া হয়েছে, কোনও কারণে উভয়েই সংসদে অনুপস্থিত থাকলে মন্ত্রণালয় ও বিভাগ-সম্পর্কিত কার্যক্রম কীভাবে সম্পাদিত হবে, সেটিও নির্ধারণ করে দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে তার দায়িত্ব পালন করবেন কারা-এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭মার্চ) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রীপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।