ঈদের আনন্দ আরও উজ্জ্বল করতে হাজির হচ্ছে নতুন ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নির্মিত এই ভিডিওতে সামজ ভাইয়ের প্রাণবন্ত কণ্ঠের সঙ্গে মিলিত হয়েছে সময়ের জনপ্রিয় সুর ও র্যাপ।
ভিডিওতে অভিনয় করেছেন প্রাঙ্ক কিং অভিনেতা শান্ত এবং আলোচিত মডেল অবন্তিকা রহমান। সেখানে চমকপ্রদ নাচ, গ্ল্যামার ও মনোমুগ্ধকর সেটে ছবিটি ফুটিয়ে তোলা হয়েছে।
এর কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল এবং ডিওপি হিসেবে কাজ করেছেন ইয়াসিন বিন আরিয়ান। বিশেষ আকর্ষণ যোগ করেছেন সময়ের জনপ্রিয় র্যাপার মি. রিজান। সামজ ভাই জানান, ‘আধুনিক সংগীত, র্যাপ, আকর্ষণীয় কোরিওগ্রাফি এবং চমৎকার চিত্রায়ণের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে। ঈদ উদযাপনের সঙ্গে এটি দর্শক-শ্রোতাদের মধ্যে নতুন আমেজ ছড়িয়ে দেবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটির ভিডিও ঈদের আগের দিন (চাঁদ রাতে) প্রকাশ করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।