দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার। এর মধ্যে শুধু ত্রাণ মন্ত্রণালয়ের অধীনেই ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে 'বড়ুয়া খাল' খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী জানান, চলতি বছর তার মন্ত্রণালয়ের অধীনে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে। এই উদ্যোগের সুফল তুলে ধরে তিনি বলেন, খালগুলো খনন করা হলে খালের উপরিভাগের পানিতে মাছ চাষ ও কৃষি কাজ করা যাবে। এছাড়া খালের পাড়ে বনায়ন করে এলাকাটি দৃষ্টিনন্দন করা হবে। এই বনায়ন ও মাছ চাষের লভ্যাংশ ভোগ করবেন স্থানীয় হতদরিদ্র মানুষ।
বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে এমন প্রতিশ্রুতি ইশতেহারে ছিল। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। তার মাধ্যমেই সারাদেশে আজ এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে।
এই কর্মসূচিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পরিকল্পনার অংশ উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে সারাদেশে ঘুরে ঘুরে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। এটি মূলত তার নেওয়া একটি প্রকল্প যা আমরা বাস্তবায়ন করছি।"
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।