গাজীপুরের শ্রীপুরে ব্যস্ত সড়কে তীব্র যানজট দেখা দিলে তা নিরসনে নিজেই রাস্তায় নেমে পড়েন স্থানীয় সংসদ সদস্য।
বুধবার (১৮ মার্চ) দুপুরে পৌরশহরের মাওনা চৌরাস্তায় এ দৃশ্য দেখা যায়।
গাজীপুর-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে নিজ হাতে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তিনি রাস্তায় দাঁড়িয়ে ট্রাক, বাস, পিকআপ ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে ইশারার মাধ্যমে সঠিকভাবে চলাচলের নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগিতা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছু সময় ধরে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে হঠাৎ একজনকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়। পরে জানা যায়, তিনি স্থানীয় সংসদ সদস্য নিজেই।
স্থানীয়দের মতে, তার এ উদ্যোগে অল্প সময়ের মধ্যেই সড়কে শৃঙ্খলা ফিরে আসে। প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান করে যানজট নিরসনে কাজ করেন তিনি। পরে আশপাশের অন্যান্য সংযোগ সড়কেও গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং মানুষের সঙ্গে কথা বলেন।
সড়কের যাত্রী ইয়াসিন আলী মোল্লা বলেন, ‘জানতে পারলাম তিনি স্থানীয় এমপি। নিজে রাস্তায় নেমে যানবাহন নিয়ন্ত্রণ করছেন, এটা সত্যিই প্রশংসনীয়। আমাদেরও সচেতন হওয়া উচিত।’
অটোরিকশা চালক শাহীন আলম বলেন, ‘এমপি নিজে কাজ করায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য পুলিশকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।’
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি বলেন, ‘এমপি স্যার রাস্তায় নামার পর পরিস্থিতি পাল্টে গেছে। আমরা নিজেরাও কাজ করছি, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়।’
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করছিল। যানজট বেশি দেখে সংসদ সদস্য নিজেই নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। এসময় হাইওয়ে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সংসদ সদস্যের এমন সরাসরি অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে জনসেবামূলক কাজে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।