গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। জেলা প্রশাসন ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
এছাড়া দ্বিতীয় জামাত সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৪০ মিনিটে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে, সকাল সাড়ে ৮টা থেকে পর্যায়ক্রমে বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশ নেবেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ঈদের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং মুসল্লিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।