ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি!

ঈদকে কেন্দ্র করে ঘরমুখী যাত্রীদের চাপে ব্যস্ত হয়ে উঠেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। তবে এই ব্যস্ততার মাঝেই ঢাকা ও আশপাশের বিভিন্ন রুট থেকে আসা যাত্রীবাহী পরিবহনের চালক ও স্টাফদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে ‘ঘাট সুপারভাইজার’ পরিচয়ে কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রতিটি গাড়ি থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করছে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়েই এমন কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে চালকদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটিতে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের যাতায়াতের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপও কয়েকগুণ বৃদ্ধি পায়। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে আসা বাস ও যাত্রী এ ঘাট ব্যবহার করে লঞ্চ ও ফেরিতে নদী পারাপার হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র নিজেদের ঘাটের দায়িত্বশীল ব্যক্তি পরিচয় দিয়ে চালক ও স্টাফদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক ও পরিবহন স্টাফ জানান, ঢাকা থেকে যতবার আমরা যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে আসি, ততবারই ২৫০ টাকা করে দিতে হয়। তারা নিজেদের সুপারভাইজার পরিচয় দিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেয়। না দিলে বিভিন্নভাবে হয়রানির আশঙ্কা থাকে।

স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

পাটুরিয়া ঘাটে দায়িত্বে থাকা জেলা পুলিশের টিআই (অ্যাডমিন) আব্দুল হামিদ খান দেশ রূপান্তরকে বলেন, এ ধরনের চাঁদাবাজির বিষয়ে তার কাছে এখনও কোনও সুনির্দিষ্ট অভিযোগ আসেনি এবং তিনি বিষয়টি অবগত নন। তবে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, ঘাট এলাকায় কোনও ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। এমন কোনও ঘটনা নজরে এলে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।