ঝিনাইদহে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

ঝিনাইদহে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, যুগ্ম সদস্য সচিব রাসেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৭ মার্চ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনাকে পুঁজি করে সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে সংগঠনের আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব আশিকুর রহমান জীবনের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং নিরীহ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে হবে।