পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণতান্ত্রিক আন্দোলনে পতিত সরকার কর্তৃক গুম-খুন হওয়া পরিবারের প্রতিনিধিদের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় নগরীর কেডি ঘোষ রোডের বিএনপির কার্যালয়ে গুম-খুন হওয়া ১৪টি পরিবারের প্রতিনিধিদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় এ সব পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
উপহার প্রদানকালে বক্তারা বলেন, গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই একই পরিবার এর সদস্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার কার্যক্রম গ্রহণ করেছে।
নেতৃবৃন্দ বলেন, স্থানীয় পর্যায়েও সব ধরনের সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, অধ্যাপক মনিরুল হক বাবুল, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল প্রমুখ।