হাতিয়ায় ভিজিএফের চাল না পাওয়ায় মানববন্ধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল না পাওয়ায় স্থানীয়রা মানববন্ধন করেছেন। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিতরণের দাবি জানিয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের কোরালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ভুক্তভোগীরা জানান, ঈদ উপলক্ষে চাল বরাদ্দের কথা থাকলেও তা তারা পাননি। স্থানীয় চৌকিদাররা বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো চাল পাওয়া যায়নি। তাদের অভিযোগ, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও দায়িত্বপ্রাপ্তরা বরাদ্দকৃত চাল নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

ভুক্তভোগীরা আরও জানান, নদীভাঙনের কারণে তারা অসহায়ভাবে রাস্তার পাশে বসবাস করছেন। একাধিকবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়েছেন, তবুও কোনো সহায়তা পাননি।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহের উদ্দিন বলেন, ‘তমরদ্দি ইউনিয়নের বরাদ্দকৃত কিছু কার্ড রাজনৈতিকভাবে বণ্টন করা হয়েছে, যার ফলে অনেক প্রকৃত অসহায় মানুষ চাল থেকে বঞ্চিত হয়েছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ উদ্দিন বলেন, ‘আমাদের ইউনিয়নের জন্য ৭ হাজার ৫০০টি কার্ড বরাদ্দ এসেছে এবং সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। চাল না পাওয়ার কোনো অভিযোগ আমার কাছে আসেনি।’

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।