বগুড়ার সান্তাহারে ঈদযাত্রার মাঝপথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন।
বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ছাদে ও বগির ভেতরে থাকা অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও রেল পুলিশ জানায়, আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় রেললাইনের মেরামত কাজ চলছিল। ওই স্থানে সতর্কতামূলক লাল পতাকা টানানো ছিল। কিন্তু ট্রেনটির চালক দ্রুতগতিতে আসায় তা খেয়াল করতে পারেননি, যার ফলশ্রুতিতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ট্রেনের চালক ও অন্যান্য স্টাফরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। তাদের কাউকে সেখানে পাওয়া যায়নি।
আহতদের মধ্যে অনেকেই ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করলে ৪৭ জনকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও স্থানীয়রা অনেককে বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইনের মেরামত কাজ চলছিল। সামনে লাল পতাকা দেওয়া থাকলেও চালক তা লক্ষ না করে দ্রুতগতিতে ট্রেন চালানোয় দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
নওগাঁ ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম জানান, খবর পেয়েই তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। প্রতিটি বগি তল্লাশি করে যাত্রীদের উদ্ধার করা হয়।