ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে স্থানীয় পাটিয়ালছড়ি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আজম, এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শুধু উপবাস পালন করাই নয়, খারাপ চিন্তা, খারাপ মনোভাব ও সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা এবং খোদানির্ভর একটি পবিত্র অন্তর তৈরি করাই মাহে রমজানের মূল তাৎপর্য। সংযম ও বিশ্বাসের মাধ্যমে রোজাদার রোজার মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারে।’ হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) বলেছেন, ‘আমার ছেলেরা বারো মাস রোজা রাখে।’
আলোচনার পর মিলাদ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন। এরপর প্রধান অতিথির মোনাজাতের মধ্য দিয়ে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন শোকর-এ মওলা মনজিলের সিনিয়র সদস্য ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি এহসান উল্লাহ, সহ-সভাপতি সৈয়দ গোফরান উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহীম, নির্বাহী সদস্য সজিবুল হাসান চৌধুরী, সাজিদুল হাসান চৌধুরী, জ্যোতি ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তাওরাতসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার মুসল্লিগণ।