বাংলাদেশ-ভারত সীমান্ত দীর্ঘদিন ধরেই এক অস্বস্তিকর বাস্তবতার প্রতীক, যেখানে মানবিকতা, আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের চেয়ে বেশি প্রতিধ্বনিত হয়েছে গুলির শব্দ, লাশের মিছিল এবং অমানবিকতার করুণ চিত্র। বছরের পর বছর ধরে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনা যেন এক নির্মম নিয়মে পরিণত হয়েছিল।
তবে সম্প্রতি সেই চিত্র যেন বদলাতে শুরু করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই সীমান্ত হত্যা শূন্যে নেমে আসা নিঃসন্দেহে যুগান্তকারী এক পরিবর্তন। এই অগ্রগতি শুধু পরিসংখ্যানগত সাফল্য নয়, বরং কূটনৈতিক দক্ষতা, রাজনৈতিক সদিচ্ছা এবং রাষ্ট্রের অগ্রাধিকার নির্ধারণের এক শক্তিশালী প্রতিফলন।
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এক মাস পূর্ণ করেছে নতুন সরকার। এই এক মাসের খতিয়ানে সবচেয়ে স্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত। দীর্ঘদিনের রক্তক্ষয়ী দৃশ্যপটের বিপরীতে গত এক মাসে সীমান্তে বিএসএফের গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দায়িত্ব নেওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে দেওয়া কঠোর বার্তার কারণেই সীমান্ত পরিস্থিতির এই ইতিবাচক পরিবর্তন এসেছে। বিনা কারণে বাংলাদেশি নাগরিকের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিজিবির অধিকতর সতর্ক ও স্বপ্রণোদিত ভূমিকা জনমনে সঞ্চার করেছে নতুন আশার।
সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত পতাকা বৈঠক এবং উচ্চপর্যায়ের বৈঠকগুলো ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উন্নত সমন্বয় এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের দুই প্রান্তে এখন আগের চেয়ে বেশি সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তে মানবিক আচরণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনও নানা উদ্যোগ গ্রহণ করেছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক অনুপ্রবেশ ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি।
এক মাসের এই সাফল্যকে টেকসই করতে পারলে বাংলাদেশ-ভারত সীমান্ত শান্তিপূর্ণ প্রতিবেশী সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।