গুম-খুন-জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ প্রধানমন্ত্রীর

প্রতি বছরের মতো এবারও গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছরে বিভিন্ন সময়ে গুম-খুন-নির্যাতনের শিকার পরিবার এবং গত জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও এবার এই ঈদ উপহার পাচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের প্রতিটি জেলায় এসব নির্যাতিত পরিবারের কাছে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতিবছরই গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর জন্য ঈদ উপহার দিয়ে থাকেন তারেক রহমান। গত বছর ২০২৫ সাল থেকে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের কাছেও যথাসাধ্য এই ঈদ উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসের মধ্যেই অনেক কাজ করেছে। এ কারণে ঈদ উপহার বিতরণে কিছুটা বিলম্ব হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিবারগুলোর কথা ভোলেননি।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই রমজান মাসে নির্যাতিত পরিবারগুলোর জন্য ঈদ উপহার দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় ১৯০০ পরিবার প্রধানমন্ত্রীর এই ঈদ উপহারের টাকা পাচ্ছে।

এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রথমে পরিবারগুলোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সময় কম থাকায় সেটি সম্ভব হয়নি। অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় এই ঈদ উপহারের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।