পিরোজপুরে ইমাদ পরিবহনে অভিযান, প্রায় ১২ কেজি গাঁজাসহ আটক ১

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব-৮।

বুধবার (১৮ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍‍্যাব-৮, বরিশালের অপারেশন প্রেস সেক্রেটারি (ওপিএস) অমিত হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

র‍‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসে মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍‍্যাব-৮ এর একটি আভিযানিক দল সেখানে চেকপোস্ট স্থাপন করে।

পরে ‘ইমাদ পরিবহন’ নামের বাসটি তল্লাশি করে বক্সে রাখা একটি কার্টনের ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো ৬টি আকাশি রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

এ সময় গাঁজা বহনের অভিযোগে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍‍্যাব জানায়, এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍‍্যাব-৮ আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।