২০২৬ বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নামার আগে নিজেদের ঘরের মাঠে শেষবারের মতো মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৩১ মার্চ ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই 'ফেয়ারওয়েল' বা বিদায়ী ম্যাচের জন্য বুধবার ২৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ।
স্কোয়াডে চমক ও নতুন মুখ
আসন্ন বিশ্বকাপের দল চূড়ান্ত করার আগে স্কালোনি ঘরোয়া লিগের দুই তরুণ প্রতিভাকে সুযোগ দিয়ে চমক দেখিয়েছেন। তারা হলেন: তমাস পালাসিওস: ২২ বছর বয়সী এই ডিফেন্ডার এস্তুদিয়ান্তেসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন। গ্যাব্রিয়েল রোহাস: রেসিং ক্লাবের এই লেফট-ব্যাককে স্কালোনি তার রক্ষণভাগের বিকল্প হিসেবে পরখ করে দেখতে চান।
ইনজুরি ও অনুপস্থিতি
ঘোষিত এই দলে নিয়মিত মুখ লাউতারো মার্তিনেজ লিসান্দ্রো লোপেজ এবং জিও লো চেলসো নেই। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, ইনজুরির কারণে তারা এই ম্যাচে না থাকলেও বিশ্বকাপের মূল স্কোয়াডের দৌড়ে এখনো ভালোভাবেই টিকে আছেন। অন্যদিকে, তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর বাদ পড়াটা ফুটবল প্রেমীদের জন্য কিছুটা বিস্ময়কর হয়েছে।
অভিজ্ঞদের ওপর আস্থা
দলের নেতৃত্বে থাকছেন বরাবরের মতোই মহাতারকা লিওনেল মেসি। তার সাথে অভিজ্ঞদের তালিকায় আছেন এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজের মতো নিয়মিত তারকারা। ক্লাব ফুটবলে দল পরিবর্তন করা রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি) এবং লিয়ান্দ্রো পারেদেসকেও (বোকা জুনিয়র্স) এই স্কোয়াডে রাখা হয়েছে।
আর্জেন্টিনা স্কোয়াড একনজরে:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়া রোমেরো, লিওনার্দো বালের্দি, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি, তমাস পালাসিওস, নিকোলাস তাগ্লিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস ও মার্কোস আকুনিয়া।
মধ্যমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, মাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো দি পল ও এজেকুয়েল পালাসিওস।
আক্রমণভাগ: লিওনেল মেসি, নিকোলাস পাজ, জানলুকা প্রেস্তিয়ামি, নিকোলাস গঞ্জালেস, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেজ ও জুলিয়ান আলভারেজ।
আগামী জুন মাসে কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে গুয়াতেমালার বিপক্ষে এই ম্যাচটি স্কালোনির জন্য চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড বেছে নেওয়ার শেষ সুযোগ।