ব্যক্তিগত মোবাইল ব্যাংকিংয়ে অস্বাভাবিক লেনদেন

ভাটারা থানার ওসিকে বদলি

ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং চ্যানেলে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ ওঠার পর ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

জানা গেছে, ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে ৩৩ লাখ টাকার অস্বাভাবিক অর্থ লেনদেনটি ছিল অনলাইন জুয়ার লেনদেন বলে অভিযোগ ওঠে।

গতকাল বুধবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি ইমাউলকে বদলির আদেশ দেওয়া হয়। এর আগে ২০ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ডিএমপির ভাটারা থানার ওসি ইমাউলের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেন হওয়া এসব টাকার বেশির ভাগই আবার অনলাইন জুয়ায় ব্যয় হয়েছে। ওসির বিকাশ ও নগদ নম্বরে আসা এই অর্থের পরিমাণ ৩২ লাখ ৩৩ হাজার টাকা, যা সাতটি বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে তার কাছে বিভিন্ন সময়ে পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে ওই সময় ওসি ইমাউল গণমাধ্যমকে জানান, অনলাইন জুয়ার বিষয় কোনো ধারণা নেই তার। এ ছাড়া মোবাইল হ্যাক করে একটি গোষ্ঠী এ কাজ করেছে বলে দাবি করেন তিনি। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।