ঈদে রকমারি সাবিলা শীর্ষে মোশাররফ

এবার ঈদে টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রচার হবে একক, ধারাবাহিকসহ অসংখ্য টেলিফিল্ম। নানা ধরনের আয়োজন করছে। এ ঈদে তরুণ অভিনেত্রীদের কাজের দিকে নজর থাকবে দর্শকের। ঈদে সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীরা একগুচ্ছ নাটক-টেলিফিল্মে অভিনয় করলেও সবচেয়ে বেশি দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। শুরুতে এক ডজন নাটকে অভিনয়ের কথা জানা গেলেও সবগুলো টিভি চ্যানেল থেকে পাঠানো ঈদের অনুষ্ঠানসূচিতে দেখা যাচ্ছে প্রায় দুই ডজন নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ইউটিউব চ্যানেলগুলোও বেশ কয়েকটি নতুন নাটক বানিয়েছে তাকে নিয়ে।

এরমধ্যে ‘যাহা বলিব সত্য বলিব’ ও ‘আদু ভাই’, বর্ণনাথের ‘সোনার চেইন’, রাকেশ বসুর ‘মোতালেব জাদুকর-২’, সাইফ আহমেদের ‘বউ প্যারা দেয়’সহ ডজনখানেক নাটকে তাকে দেখা যাবে। এসব নাটকে বিশেষ চমক রয়েছে বলে মন্তব্য করেছেন মোশাররফ করিম। আরটিভিতেই প্রচারিত হবে মোশাররফ করিমের এক হালি নাটক। ঈদের দিন রাত সাড়ে ৯টায় দেখা যাবে নাটক ‘চেয়ারম্যানের বিয়ে’। আসাদুজ্জামানের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ এবং বিপরীতে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি।  ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেলটি প্রচার করবে নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’। শামীম সিকদারের রচনা এবং সোহেল হাসানের পরিচালনায় নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে এই অভিনেতার ‘জামাই বউ ট্রেনিং সেন্টার’ শিরোনামের একটি নাটক। এতে তানিয়া বৃষ্টিকে দেখা যাবে মোশাররফের বিপরীতে। এটি পরিচালনা করেছেন মহসিন আকাশ। এছাড়া দীপ্ত টিভির জন্য মোশাররফকে নিয়ে অভিনেতা ও পরিচালক শামীম জামান নির্মাণ করলেন নাটক ‘কিপ্টে কারে কয়’। অনামিকা ম-লের রচনায় কমেডি ঘরানার এ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। তবে এই অভিনেতার সবচেয়ে বেশি একক ও ধারাবাহিক প্রচার করবে মাছরাঙা টিভি। সবগুলো নাটকই দর্শককে ঈদের বাড়তি বিনোদন জোগাবে বলে জানিয়েছেন মোশাররফ করিম।

সময়ের আলোচিত অন্য অভিনয়শিল্পীদের মধ্যে মুশফিক আর ফারহান, জোভান আহমেদ, নাজনীন নীহা, হিমি, তটিনীরাও অভিনয় করেছেন ১০টির বেশি নাটকে। অন্যদিকে ছোটপর্দা থেকে বড়পর্দা দুই মাধ্যমেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মডেল- অভিনেত্রী সাবিলা নূর। নাটক ও ওটিটির পাশাপাশি এবার ঈদে বড়পর্দায়ও হাজির হচ্ছেন তিনি। ফলে এবারের ঈদকে ঘিরে তার ব্যস্ততা ও আগ্রহ দুটোই যেন অন্যবারের তুলনায় একটু বেশি। এবারের ঈদে বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই এটি দর্শক মহলে বেশ আলোচনায় রয়েছে। বর্তমানে ছবিটির প্রচার ও প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সিনেমার শুটিং ও প্রচারণার কারণে নাটকের সংখ্যা আগের তুলনায় কম। পাশাপাশি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈত্যাদি’র বিশেষ ঈদ পর্বে একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন সাবিলা। সমাজের নানা অসংগতি, মিথ্যা ও দুর্নীতির বিষয় তুলে ধরা এই পরিবেশনাটি বর্ণাঢ্য কোরিওগ্রাফি, নাচ ও সামাজিক বার্তার সমন্বয়ে সাজানো হয়েছে।

সব মিলিয়ে সিনেমা, নাটক ও বিশেষ টেলিভিশন আয়োজনে অংশগ্রহণ  তিন মাধ্যমেই উপস্থিত থাকায় বিনোদনপ্রেমীদের মতে, সাবিলা নূরের ক্যারিয়ারে এবারের ঈদটি বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠতে যাচ্ছে।