ব্রাজিলের বস্তিতে পুলিশ অভিযানে নিহত ৮

ব্রাজিলের রিও ডি জেনিরোর শহরের কেন্দ্রস্থ একটি ফাভেলায় পুলিশের অভিযানে অন্তত আটজন নিহত হয়েছেন। দরিদ্র বস্তি এলাকাগুলোতে ধারাবাহিক প্রাণঘাতী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবারের (১৯ মার্চ) অভিযানে শক্তিশালী অপরাধী গোষ্ঠী রেড কমান্ডের এক কমান্ডার নিহত হয়েছেন। সামরিক পুলিশের প্রধান মার্সেলো মেনেজেস নোগেইরা জানান, অভিযানের সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন আরও ছয় অপরাধী নিহত হন এবং এক স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে মারা যান।
 
ঘটনার পর রেড কমান্ডের সদস্যরা সড়ক অবরোধ ও একটি বাসে আগুন ধরিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ ভাঙচুরের অভিযোগে পাঁচজনকে আটক করেছে। প্রায় ১৫০ জন সামরিক পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ক্লাউদিও দোস সান্তোস মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ইতালীয় পর্যটক হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এর আগে গত অক্টোবরে একই শহরে পুলিশের অভিযানে ১৩০ জনের বেশি নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা ওঠে। সে সময় প্রেসিডেন্ট ওই ঘটনাকে 'গণহত্যা' হিসেবে উল্লেখ করেছিলেন। 

সাম্প্রতিক অভিযান নিয়েও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বামপন্থী রাজনীতিকরা এটিকে বেপরোয়া অভিযান বলে সমালোচনা করেছেন, অন্যদিকে ডানপন্থীরা অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।