ভোলায় যাত্রীদের ঢল, ঘাটে নেমেই পরিবহন সংকটে ভোগান্তি

পবিত্র ঈদকে সামনে রেখে নৌপথে ভোলায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঢাকা, বরিশাল ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ ও ট্রলারযোগে হাজারো যাত্রী নিজ বাড়িতে ফিরছেন। তবে ঘাটে নামার পর প্রয়োজনীয় পরিবহনের অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।

বুধবার (১৮ মার্চ) রাতে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই লঞ্চগুলো বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ভোলার বিভিন্ন ঘাটে পৌঁছে যাত্রী নামিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে বুধবার সকাল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও দুপুরের পর একে একে ভোলার ঘাটগুলোতে ভিড়তে শুরু করে।

এছাড়া বৃহস্পতিবার ভোর ৭টা থেকে লক্ষ্মীপুর ও বরিশাল থেকে ছেড়ে আসা নৌযানগুলো ভোলার ইলিশা ও ভেদুরিয়া ঘাটে যাত্রী নামাতে দেখা গেছে। 

ঘাটে নেমে যাত্রীরা পড়ছেন সবচেয়ে বেশি বিপাকে। প্রয়োজনীয় যানবাহনের সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে ইলিশা ঘাটে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে সিন্ডিকেট করে কয়েকগুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে লঞ্চযাত্রা স্বস্তিদায়ক হলেও ঘাটে নামার পর ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা থেকে আসা অন্তত ১৯টি লঞ্চ ভোলার ইলিশাসহ বিভিন্ন ঘাটে যাত্রী পরিবহন করেছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও বরিশাল থেকে আরও ১৫টি লঞ্চ ভোলার ঘাটে ভিড়েছে।

ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।