দেশ রূপান্তরে চাঁদাবাজির সংবাদ প্রকাশে পাটুরিয়া ঘাটে আটক ২

দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বিভিন্ন বাস থেকে চাঁদাবাজির সময় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পাটুরিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবালয় উপজেলার তেঘরী গ্রামের হাবেল মুন্সীর ছেলে মো. সায়মন মুন্সী (১৯) এবং একই গ্রামের মোন্তাজ মুন্সীর ছেলে মো. সৌরভ মুন্সী (১৯)।

জানা যায়, ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ার সুযোগ নিয়ে একটি চক্র ‘ঘাট সুপারভাইজার’ পরিচয়ে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায় করছিল। প্রতিটি গাড়ি থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ওঠে। এতে চালক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

গত বুধবার (১৮ মার্চ) দেশ রূপান্তরের অনলাইন ভার্সনে ‘ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঘাট এলাকায় নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে চাঁদাবাজির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দেশ রূপান্তরকে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযান চালানো হয়েছে। পাটুরিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে চাঁদাবাজির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়, তবে এ সময় আরও দুইজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘাট এলাকায় কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান।