ফাঁকা মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা, কুমিল্লা অংশে নেই যানজট

ঈদকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবার যেন ভিন্ন চেহারায়। কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশজুড়ে নেই চিরচেনা যানজট, নেই দীর্ঘ ভোগান্তি। বরং স্বস্তির যাত্রায় খুশি চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনভর চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা গেছে, সড়ক অনেকটাই ফাঁকা। গত দুই দিনের তুলনায় বাসের সংখ্যা কিছুটা কমলেও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি চোখে পড়ার মতো।

যে সড়ক ঈদ এলেই যানজটে থমকে যায়, সেই সড়কের চান্দিনা বাজার, নিমসার বাজার, গৌরীপুর বাসস্ট্যান্ড কিংবা ক্যান্টনমেন্ট এলাকাতেও এদিন ছিল স্বাভাবিক গতি। কোথাও থেমে থাকতে হয়নি গাড়ির দীর্ঘ সারিতে।

স্টার লাইন পরিবহনের চালক মিজানুর রহমান বলছিলেন, নারায়ণগঞ্জ পার হওয়ার পর থেকেই সড়ক একেবারে স্বাভাবিক। কুমিল্লা অংশে এবার কোনো যানজট নেই। এমন ঈদযাত্রা সত্যিই স্বস্তির। তার মতে, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতিই এ পরিবর্তনের বড় কারণ।

অন্যদিকে যাত্রী ইয়াকুব আলীর অভিজ্ঞতাও একই রকম। তিনি জানান, যাত্রাবাড়ী আর চিটাগাং রোডে কিছুটা ধীরগতি ছিল, কিন্তু এরপর পুরো পথই ফাঁকা। মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লা পৌঁছেছি—এটা সত্যিই অপ্রত্যাশিত।

তবে স্বস্তির এই চিত্র ধরে রাখার চ্যালেঞ্জও রয়েছে। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) শাহিনুর আলম জানান, যানবাহনের চাপ কম থাকায় সড়ক স্বাভাবিক রয়েছে। ঈদের আগ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলেও আশা করছেন তিনি।

একই সঙ্গে মোটরসাইকেল চালকদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ফাঁকা সড়কে বেপরোয়া গতি বিপজ্জনক হতে পারে। দুর্ঘটনা এড়াতে হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সব মিলিয়ে, দীর্ঘদিনের ভোগান্তির স্মৃতি পেছনে ফেলে এবার ঈদযাত্রায় কুমিল্লা অংশে মিলেছে স্বস্তি।