ভোলায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ডিম বোঝাই পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সালাউদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এতে অত্যন্ত আহত হয়েছেন আরো ৩ জন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট বাজার সংলগ্ন লেবুকাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সালাউদ্দিন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ইউনুসের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ভোলা সদর থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজারের উত্তর পাশে লেবুকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিম বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ সিএনজিতে থাকা তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতদের মধ্যে সিএনজি চালক সালাউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজি ও পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।